আনোয়ারার বরুমছড়ায় বাসের তাণ্ডব: দোকান ও অটোরিকশা চুরমার, আহত একাধিক
চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়া রাস্তার মাথা এলাকায় ১১ জানুয়ারি রবিবার বিকেলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় একটি দোকান ও একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। আজ বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে বরুমছড়া রাস্তার মাথা মোড়ে একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে আসার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। বাসটি প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারীচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়ে চুরমার করে দেয় এবং এরপর সরাসরি পাশের একটি দোকানে ঢুকে পড়ে। বাসের প্রচণ্ড আঘাতে দোকানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এই জোড়া দুর্ঘটনায় বাসের সম্মুখভাগ, অটোরিকশা এবং দোকানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাসে থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাঁদেরকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁদেরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
দুর্ঘটনা ঘটিয়েই বাসের চালক ও তার সহকারী গাড়ি রেখে সুকৌশলে এলাকা থেকে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করেছে। ঘাতক চালকের পরিচয় শনাক্ত করতে পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে এবং তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
বিকেলের ব্যস্ত সময়ে এমন ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, চালকদের বেপরোয়া প্রতিযোগিতার কারণেই এই ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁরা অবিলম্বে পলাতক চালককে গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত দোকানদার ও অটোরিকশা মালিকের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।