আধ্যাত্মিক সফর ও দোয়া কর্মসূচি অনুষ্ঠিত
পটিয়ার ঐতিহ্যবাহী মানবিক সংগঠন আল-খিদমাহ-এর উদ্যোগে পবিত্র মাহে মহররম উপলক্ষে এক আধ্যাত্মিক সফর ও দোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সফরে সংগঠনের সদস্যবৃন্দ আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করেন।
সফরের শুরুতে সদস্যরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া (জামেয়া) জিয়ারত করেন এবং উলামায়ে কেরাম, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন। পরবর্তীতে তারা আধ্যাত্মিক কেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত করেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, দেশের শান্তি-সমৃদ্ধি ও মানবতার কল্যাণ কামনা করে মুনাজাতে অংশ নেন।
সফরের শেষ পর্যায়ে ভোরবেলা সদস্যবৃন্দ ইমাম আজিজুল হক শেরে বাংলা (রহ.)-এর মাজার মসজিদে ফজরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তাঁরা মাজার জিয়ারত করেন এবং বিশেষ দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেন। এ সময় তাঁর দ্বীনি, সামাজিক ও মানবিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
পুরো সফরজুড়ে আল-খিদমাহ’র সদস্যবৃন্দ সংগঠনের সকল শুভাকাঙ্ক্ষী, দাতা, প্রবাসী সদস্য, এলাকাবাসী এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করেন। মহান আল্লাহ তাআলা যেন সকলের নেক হায়াত, সুস্বাস্থ্য, ঈমানি দৃঢ়তা, রিজিকে বরকত এবং দুনিয়া-আখিরাতের সর্বাঙ্গীণ কল্যাণ দান করেন—এই প্রার্থনা করা হয়।
আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে মহররমের শিক্ষা হৃদয়ে ধারণ করে মানবসেবা, ভ্রাতৃত্ববোধ ও তাকওয়ার পথে চলার তাওফিক দান করুন। আমিন।
ছবির ক্যাপশন: হিজরী নববর্ষ উপলক্ষে আল-খিদমাহর মাজার জেয়ারত সফর।