আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার
বগুড়ার আদমদীঘিতে অনলাইন জুয়া পরিচালনা, একাধিক ভুয়া জিমেইল আইডি, ভার্চুয়াল সার্ভার ও ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে টনি হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক টনি হোসেন উপজেলার উথরাইল দক্ষিণপাড়ার ফেরদৌস প্রামাণিকের ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, বগুড়া জেলা গোয়েন্দা শাখার একটি দল মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আদমদীঘি উপজেলার উধরাইল দক্ষিণপাড়া এলাকায় টনি হোসেন নিজ বাড়িতে অবস্থান করে একাধিক জিমেইল আইডি, ভার্চুয়াল সার্ভার, ওয়েবসাইট ও ডিজিটাল ওয়ালেট অ্যাপ ব্যবহার করে আইনবহির্ভূত ই-লেনদেন পরিচালনা করছেন। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত টনি পালানোর চেষ্টা কালে তাকে গ্রেফতার করা হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে ফোনটি পরীক্ষা করে একাধিক জিমেইল আইডি ও অনলাইন জুয়ার সাইটে একাধিক অ্যাকাউন্ট সংযুক্ত থাকার তথ্য পাওয়া যায়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাব ইন্সপেক্টর মোস্তাফিজ আলম বলেন, জব্দ করা মোবাইল ফোনে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন জুয়া ও অবৈধ আর্থিক লেনদেনের বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে অপর জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।