আগ্রাবাদ সৈয়দবাড়ি : ৭১ ও ৭৫-এর ঘাঁটি,
মৌলভী সৈয়দ এবং সৈয়দ মাহমুদুল হক
নাসিরুদ্দিন চৌধুরী
আগ্রাবাদ শেখ মুজিব রোডের যেখানটায় ফায়ার ব্রিগেডের অফিস, রাস্তা পেরিয়ে তার পশ্চিম পার্শ্বস্থিত একটি বাড়ি, ‘সৈয়দবাড়ি’। তবে সৈয়দবাড়িকে একটি বাড়ি বললে ভুল হবে, চট্টগ্রামে সৈয়দ বংশের একটি শাখার অনেক মানুষ এখানে বাড়ি তৈরি করে বসবাস আরম্ভ করেছিলেন, সে কারণে জায়গাটি ‘সৈয়দবাড়ি’ নামে পরিচিত হয়ে ওঠে। চট্টগ্রামের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে গেলে এই বাড়ির কথাও লিখতে হবে। কারণ চট্টগ্রাম শহরে মুক্তিযুদ্ধের মুখ্য সংগঠক, প্রধান গেরিলা কমান্ডার, কিংবদন্তী ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা মৌলভী সৈয়দ আহমদ এই বাড়িতে ঘাঁটি গেড়ে মুক্তিযুদ্ধের কাজ আরম্ভ করেছিলেন। গৃহকর্তা সৈয়দ আবু সিদ্দিক এবং তার পুরো পরিবার মুক্তিযুদ্ধের সঙ্গে আষ্ঠেপৃষ্ঠে বাঁধা পড়েছিলেন। সৈয়দ আবু সিদ্দিকের স্ত্রী সৈয়দা রেজোয়ানা বেগমের সঙ্গে খালাম্মা সম্বন্ধ পেতেছিলেন মৌলভী সৈয়দ। সৈয়দ বাড়িতে তাঁর অবাধে যাতায়াত ছিলো। রাজনীতি পাগল ছেলেটাকে রেজোয়ানা বেগম তাঁর অন্যান্য ছেলের মতোই স্নেহ করতেন। তাঁর গর্ভজাত পুত্র ছিল সাত জন ু সৈয়দ আবদুস সাত্তার, সৈয়দ আবদুল হক, সৈয়দ আবদুল গণি, সৈয়দ আবদুল সত্তর, সৈয়দ আবদুল্লাহ, সৈয়দ আবদুর রহিম ও সৈয়দ আবদুল করিম। মৌলভী সৈয়দও একজন ছেলের ন্যায় সৈয়দবাড়িতে আসা-যাওয়া করতেন। তাঁকে নিয়ে সিদ্দিক ও রেজোয়ানা দম্পত্তির আট সন্তান।
শুধু ৭১ নয়, পরে আরো একবার সৈয়দবাড়ি সংবাদ শিরোনাম হয়। সেটা ৭৫-এ, যখন গোনা কয়েকজন বাঙালি নামের কলংক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে; তখনও মৌলভী সৈয়দ সীমাহীন দুঃখে, ক্ষোভে, ক্রোধে প্রচণ্ড গর্জনে ফেটে পড়েন এবং ৭১-এর ন্যায় আরেকবার অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ আরম্ভ করেছিলেন। টাঙ্গাইলে যেমন কাদের সিদ্দিকী বীর উত্তম করেছিলেন। তখনো মৌলভী সৈয়দ তাঁর খালাম্মার বাসা সৈয়দবাড়িতে আশ্রয় নিয়ে যুদ্ধ পরিচালনা করেছিলেন, সেটা প্রতিরোধ যুদ্ধ। এভাবে সৈয়দবাড়ি হয়ে ওঠে চট্টগ্রামের রাজনীতি এবং মুক্তিযুদ্ধ ও প্রতিরোধ যুদ্ধের প্রসিদ্ধ তীর্থস্থান। মৌলভী সৈয়দকে দেখে শুনে, তাঁর নানা কাজকর্ম করে এবং তাঁর সঙ্গে চলাফেরা করে সৈয়দবাড়ির একজন সন্তানও একজন খ্যাতিমান রাজনীতিবিদ হিসেবে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেন। তিনি মহানগরে আওয়ামী রাজনীতির একজন কেষ্টবিষ্টু সৈয়দ মাহমুদুল হক, যাঁকে এক নামে সবাই চেনেন।
সৈয়দ মাহমুদুল হক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের বিশিষ্ট নেতা। ছাত্রজীবনে ছাত্রলীগের নেতা ছিলেন।
সৈয়দ মাহমুদুল হক ১৯৫৭ খ্রিস্টাব্দে চট্টগ্রাম শহরের শেখ মুজিব রোডস্থ সৈয়দবাড়িতে (বর্তমানে ভাণ্ডার মার্কেট হিসেবে পরিচিত) জন্মগ্রহণ করেন। পিতা সৈয়দ আবু সিদ্দিক, পিতামহ সৈয়দ আবদুল মজিদ। সৈয়দ আবদুল মজিদের একমাত্র সন্তান আবু সিদ্দিক। তিনি পেশায় একজন রেলওয়ে কর্মকর্তা ছিলেন। সৈয়দ মাহমুদুল হকের মাতা সৈয়দা রিজওয়ানা বেগম, তাঁর পৈতৃক নিবাস চট্টগ্রামের আনোয়ারা থানার হাইলধর গ্রামে।
সৈয়দ মাহমুদুল হক শৈশবে পাঠানটুলী খান সাহেব প্রাইমারি স্কুলে পড়াশোনা করেন। পরবর্তীকালে মোস্তফা-হাকিম জুনিয়র হাইস্কুল থেকে অষ্টম শ্রেণি পাস করেন এবং আগ্রাবাদ জি আর কে হাই স্কুল থেকে ১৯৭২ খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাস করেন।
স্কুলের ছাত্র থাকা অবস্থায় সৈয়দ মাহমুদুল হক রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৬৯-৭০ খ্রিস্টাব্দে ‘পাকিস্তান : দেশ ও কৃষ্টি’ বইয়ের বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিলো, তিনি তার একজন সক্রিয় কর্মী ছিলেন।
সৈয়দ মাহমুদুল হক ইন্টারমিডিয়েটে চট্টগ্রাম সিটি কলেজে ভর্তি হয়েছিলেন, কিছুদিন পড়াশোনাও করেন। তবে শেষ পর্যন্ত তিনি সিটি কলেজে পড়াশোনা করেননি। এরপর তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনষ্টিটিউটে ডিপ্লোমা কোর্সে ভর্তি হন।
৭১ খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধ শুরু হলে তৎকালীন চট্টগ্রামের শীর্ষ ছাত্রনেতা মৌলভী সৈয়দ শহরে প্রথম মুক্তিযুদ্ধ আরম্ভ করেন। তিনি সৈয়দ মাহমুদুল হকের বাড়ি সেই ‘সৈয়দবাড়ি’তে ঘাঁটি গেড়ে যুদ্ধ চালিয়ে যান। এসময় সৈয়দ মাহমুদুল হকের গোটা পরিবার মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়ে। সৈয়দ মাহমুদুল হকের বড় ভাই সৈয়দ আবদুল গণি মুক্তিযুদ্ধে যোগ দেন। সৈয়দ মাহমুদুল হকও মুক্তিযুদ্ধের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা ও ছাত্র-যুবকদের প্রতিরোধ যুদ্ধ আরম্ভ হয়েছিল সৈয়দ মাহমুদুল হকের বাড়ি থেকে। তাঁর সমগ্র পরিবার প্রতিরোধ যুদ্ধে লিপ্ত হয়েছিল। ’৭৫ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘাতকদের চক্রান্তে শাহাদাত বরণ করলে ৭১-এর মুক্তিযোদ্ধা কমান্ডার মৌলভী সৈয়দ ‘সৈয়দবাড়ি’তে অবস্থান নিয়ে প্রতিরোধ যুদ্ধ আরম্ভ করেন। ১৯৭৬ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে তিনি এবং তার মামাতো ভাই মোহাম্মদ জাকারিয়া, মৌলভী সৈয়দ ও মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যান। কিছুদিন সেখানে থাকার পর তারা মৌলভী সৈয়দ ও এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে তৎকালীন সামরিক জান্তা জিয়াউর রহমান সরকারের বিরুদ্ধে জনমত এবং আন্দোলন গড়ে তোলেন। ৫ নভেম্বর ১৯৭৬ খ্রিস্টাব্দে চট্টগ্রামের ৪টি স্থানে গ্রেনেড বিস্ফোরণ হয়। মৌলভী সৈয়দ ঐ দিনেই তাদের বাসা ছেড়ে চলে যান।
৭ নভেম্বর সকালে তাদের বাসা রেইড হয়, তাঁর বৃদ্ধ পিতা সৈয়দ আবু সিদ্দিক, সৈয়দ আবদুল গণি, সৈয়দ মোহাম্মদ জাকারিয়া সহ চট্টগ্রাম শহর হতে অনেককে গ্রেফতার করা হয়। তাঁর বৃদ্ধ মাতার উপরও নির্যাতন করা হয়, তাদেরকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে দীর্ঘ ১ মাস অমানুষিক নির্যাতন করা হয়।
কিছুদিন পর ভারতে রাজনৈতিক পটপরিবর্তন হয়ে যায়। জিয়াউর রহমানের সাথে জনতা সরকারের এই মর্মে চুক্তি হয় যে, ভারত সরকার বাংলাদেশের বিদ্রোহীদের ফেরত পাঠিয়ে দেবে, আর বাংলাদেশ সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। সীমান্তে অভ্যর্থনা ক্যাম্প খোলা হয়। চুক্তির শর্ত অনুযায়ী বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে যুদ্ধ করার জন্য যাঁরা ভারতে গিয়েছিলেন, সে দেশের সরকার তাদেরকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তখন ‘পুশব্যাক’ নামে একটা কথা চালু হয়েছিল। দেশে ফেরত আসার সময় মৌলভী সৈয়দকে সীমান্ত থেকে গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।
আগেই বলা হয়েছে, সৈয়দ মাহমুদুল হক ও তাঁর পুরো পরিবার প্রতিরোধ যুদ্ধে যোগ দেয়। তাঁর বড় ভাই সৈয়দ আবদুল গণিও মুক্তিযুদ্ধের ন্যায় প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর মালিকানাধীন কর্ণফুলী মার্কেটের শাপলা টেইলার্স ছিল বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদীদের যোগাযোগস্থল।
১৯৭৬ খ্রিস্টাব্দের ৭ নভেম্বর সৈয়দ মাহমুদুল হক গ্রেফতার হন সামরিক সরকারের হাতে। তাদের বিরুদ্ধে ‘চট্টগ্রাম ষড়যন্ত্র মামলা’ নামে একটি মামলা দায়ের করা হয়। সৈয়দ মাহমুদুল হককে এই মামলায় গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হয়।
দীর্ঘ ৪ বছর বিনা বিচারে চট্টগ্রাম কারাগার চট্টগ্রাম ষড়যন্ত্র মামলা ১, ২, ৩ দিয়ে মৌলভী সৈয়দ আহমদ ১ নম্বর এবং এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে ২ নম্বর আসামী করে তাদেরকে চট্টগ্রাম জেলা কারাগারে আটকিয়ে রাখা হয়। এই মামলার সম্পূর্ণ খরচ তাঁর পরিবারকে চালাতে হয়। উক্ত মামলা চালাতে চট্টগ্রাম শহরে ৪ গন্ডা জমি এবং মা/ভাবীর সমস্ত অলঙ্কার বিক্রি করতে হয়। এতে তাদের পড়ালেখা এবং আর্থিক প্রচুর ক্ষতি সাধন হয়।
সৈয়দ মাহমুদুল হক কারাগারে থেকে চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। কারাগারে থাকা অবস্থায় তিনি জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছিলেন। পরবর্তীকালে কারাগার থেকে বের হয়ে বাঁশখালী কলেজ থেকে ডিগ্রী পাস করেন।
সৈয়দ মাহমুদুল হক ১৯৬৯, ৭০ খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে তৎকালীন গণআন্দোলনে মরহুম মৌলভী সৈয়দ ও এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে সক্রিয় অংশগ্রহণ করেন। ৭০ এর নির্বাচনে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।
তাঁর পুরো পরিবার প্রথম থেকে আওয়ামী লীগ রাজনীতির সাথে সরাসরি জড়িত। পিতা মরহুম আলহাজ্ব সৈয়দ আবু সিদ্দিক বাংলাদে রেলওয়ে চট্টগ্রামের পাহাড়তলীতে চাকরি করতেন। সেখানে শ্রমিক রাজনীতিতেও শ্রমিক লীগের সাথে সম্পৃক্ত ছিলেন। তাঁর বড় ভাই সৈয়দ আবদুল গণি একজন মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছেন, সৈয়দ মাহমুদুল হক এবং পুরো পরিবার মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। তৎকালীন সময়ে পাক বাহিনী ও বিহারীরা তাদের বাড়িতে অনেকবার হানা দিয়েছে এবং বাড়ি ঘরের ক্ষতি সাধন করেছে।
দীর্ঘ ৪ বছর কারাগার থেকে মুক্তিলাভের পর সৈয়দ মাহমুদুল হক বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে মরহুম মৌলভী সৈয়দের শাহাদাৎ বরণের পর চট্টগ্রামের অবিসংবাদিত নেতা আলহাজ এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে রাজনীতি করেন। ১৯৮৬ খ্রিস্টাব্দে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী ফারুক গং এর মুসলিম ইনষ্টিটিউট হলে সভা প্রতিহত করার জন্য মহিউদ্দিন চৌধুরীর নির্দেশে তারা যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের নিয়ে দারুল ফজল মার্কেট চত্বরে বিশাল ছাত্র ও যুব সমাবেশের আয়োজন করেন। এতে প্রশাসন ফারুক গংকে মুসলিম হলে সভা করতে দেয়নি। পাশাপাশি তৎকালীন ছাত্রনেতা শফিকুল হাসান, শফিক আদনানও এই ব্যাপারে জোরালো ভূমিকা পালন করেন। ১৯৮৬ খ্রিস্টাব্দে এরশাদের আমলে তাকে মরহুম ইসহাক মিয়া এমপির (সাবেক উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগ) নির্বাচনে তাঁকে নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক করা হয়। সে নির্বাচনে তাঁরা জাতীয় পার্টির প্রার্থী ব্যারিষ্টার সুলতান আহম্মদকে বিপুল ভোটে পরাজিত করেন। ১৯৮৬ খ্রিস্টাব্দে সৈয়দ মাহমুদুল হককে উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীকালে এরশাদ বিরোধী আন্দোলনে তাঁকে ও সাবেক কমিশনার মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন আহমদকে বৃহত্তর ১৫ দলীয় ঐক্যজোটের যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনের পরে এরশাদ বিরোধী আন্দোলনে এম. এ. মান্নান, মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে এরশাদের পতন না হওয়া পর্যন্ত আন্দোলনের অগ্রসৈনিক হিসেবে কাজ করেছেন।
১৯৯১ খ্রিস্টাব্দের নির্বাচনে সৈয়দ মাহমুদুল হক চট্টগ্রামে ওয়ার্ড আওয়ামী লীগ সংগঠিত করার পাশাপাশি মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম মহানগর যুবলীগকে সংগঠিত করেন। ১৯৯১ খ্রিস্টাব্দের ঘূর্ণিঝড়ে মহিউদ্দিন চৌধুরীর নির্দেশে পতেঙ্গা সহ আশেপাশের দূর্গত এলাকায় মানবতার সেবায় যুবলীগ কর্মীদের নিয়ে কাজ করেন এবং যুবলীগের নেতৃত্বে ৪টি ডায়রিয়া চিকিৎসা কেন্দ্র স্থাপন করেন। ১৯৯৪ খ্রিস্টাব্দের মেয়র নির্বাচনে যুবলীগ কর্মীদের সংগঠিত করে মহিউদ্দিন চৌধুরীকে বিপুল ভোটে জয়লাভে অগ্রণী ভূমিকা পালন করি। ১৯৯১-৯৫ খ্রিস্টাব্দে খালেদা জিয়ার শাসন আমলে এম. এ. মান্নান ও মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের পাশাপাশি মহানগর যুবলীগের নেতৃত্ব দেন।
১৯৯৬ খ্রিস্টাব্দে চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম এবং সেক্রেটারী কাজী ইকবালের নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটি দায়িত্বে থাকাকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এম.এ. মান্নান এবং সেক্রেটারী এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর পরামর্শক্রমে সৈয়দ মাহমুদুল হককে আহবায়ক, চন্দন ধর, শফিক আদনান, মশিউর রহমানকে যুগ্ম আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি তাঁর নেতৃত্বে ২০০৩ খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠনকে শক্তিশালী ও সরকারের উন্নয়ন কর্মকান্ডে দায়িত্বশীল ভূমিকা রাখে। ১৯৯৮ খ্রিস্টাব্দে সারাদেশ বন্যায় প্লাবিত হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর পরামর্শক্রমে চট্টগ্রাম মহানগর যুবলীগ বিশাল ত্রাণ ভান্ডার গড়ে তোলে এবং ২ ট্রাক ত্রাণ সামগ্রী সৈয়দ মাহমুদুল হকের নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগের কাছে হস্তান্তর করে। সে সময় দুর্গত মানুষের কাছে কেন্দ্রীয় যুবলীগের নেতৃত্বের মাধ্যমে তা পৌঁছিয়ে দেওয়া হয়। ২০০১ খ্রিস্টাব্দে সারাদেশে বি.এন.পি-জামাতের তান্ডবে চট্টগ্রামে এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচনোত্তর লালদীঘির ময়দানে মহানগর আওয়ামী লীগ বিশাল সমাবেশ করে, যুবলীগ সেখানে শান্তি সৃংখলা রক্ষা সহ জমায়েতে মূখ্য ভূমিকা পালন করে এবং চট্টগ্রাম শহরে বি.এন.পি-জামাত নির্বাচন পরবর্তীকালে মহিউদ্দিন চৌধুরীর সাহসী নেতৃত্বের কারণে তান্ডব চালানোর সাহস পায়নি। মহানগর যুবলীগ আহবায়ক কমিটি ১৯৯৬ খ্রিস্টাব্দ থেকে ২০০৩ খ্রিস্টাব্দ পর্যন্ত চট্টগ্রাম যুবলীগকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করে, প্রতিটি ওয়ার্ডে ৩টি ইউনিট, ৪১টি ওয়ার্ড, ২টি সাংগঠনিক ওয়ার্ড ও ১১টি থানা কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করে। ২০০৩ খ্রিস্টাব্দে লালদীঘি ময়দানে একটি সফল সম্মেলন করে পরবর্তী কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
দীর্ঘদিন ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্ব সক্রিয় থাকার পর সৈয়দ মাহমুদুল হক ২০০৪ খ্রিস্টাব্দে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে কো-অপশনকৃত কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন। পরবর্তীকালে মহিউদ্দিন চৌধুরী সৈয়দ মাহমুদুল হককে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্ব দেন, দলীয় বৃহত্তর স্বার্থে তিনি যুগ্ম আহবায়কদ্বয়ের সাথে কমিটি গঠন করে দেন। মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য পদ পাওয়ার পর সৈয়দ মাহমুদুল হক দলকে এম.এ. মান্নান ও মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার চেষ্টা অব্যাহত রাখেন। এই সময় খালেদা জিয়া বিরোধী আন্দোলন, চট্টগ্রাম বন্দর অবরোধ, চট্টগ্রাম বিভাগে খালেদা জিয়া সরকার বিরোধী লং মার্চ, ঢাকা অভিমূখে লং মার্চ সহ প্রতিটি আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ২০০৬ খ্রিস্টাব্দে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী সভাপতি এবং কাজী এনামুল হক দানু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাদের নেতৃত্বাধীন কমিটিতে সৈয়দ মাহমুদুল হককে ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
২০০৬ খ্রিস্টাব্দে সারাদেশে তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে তীব্র আন্দোলন গড়ে উঠলে খালেদা জিয়া সরকারের পতন হয় এবং ১/১১ সরকার ক্ষমতায় আসে। ১/১১ সরকারের দুই নেত্রীর মাইনাস ফর্মূলা এজেন্ডা বাস্তবায়নে ব্যাপক হারে রাজনৈতিক নেতা কর্মীদের গ্রেফতার ও দমন পীড়ন শুরু হয়। শেখ হাসিনা দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক ধারা ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যেতে থাকেন। চট্টগ্রামে ২০০৭ খ্রিস্টাব্দে ৭ মার্চ মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয় এবং বান্দরবান কারাগারে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। শেখ হাসিনা ও মহিউদ্দিন চৌধুরী সহ রাজনৈতিক নেতাদের মুক্তির জন্য চট্টগ্রামে যে আন্দোলন হয়, তাতে যোগ্য ভূমিকা পালন করেন সৈয়দ মাহমুদুল হক।
২০১২ খ্রিস্টাব্দের ১৪ জুলাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হলে আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী যুবলীগের চেয়ারম্যান হারুনুর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। চট্টগ্রাম মহানগর যুবলীগ তৃণমূল থেকে সংগঠিত করতে সৈয়দ মাহমুদুল হকের দক্ষতা এবং তার রাজনৈতিক কর্মকান্ড বিশ্লেষণ করে যুবলীগ চেয়ারম্যান তাকে যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মনোনীত করেন। ইতিমধ্যে ২০১৪ খ্রিস্টাব্দে নির্বাচন চলাকালে তাঁকে নরসিংদী জেলা, পরবর্তীকালে কুমিল্লা উত্তর এবং দক্ষিণ, ফেনী জেলা, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার জেলার সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। ২০১৮ খ্রিস্টাব্দের ৩০শে ডিসেম্বর জাতীয় নির্বাচনে তাকে চট্টগ্রাম মহানগর উত্তর-দক্ষিণ ও ফেনী জেলার নির্বাচনী দায়িত্বও দেওয়া হয়।
সৈয়দ মাহমুদুল হক তাঁর পিতা মাতার নামে ‘সিদ্দিক রেজোয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামক একটি সংগঠন গড়ে তুলেছেন। যেটা গরীব-দুঃখী মানুষ, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তি সহ গরীবের বিয়েতে (যাদের আর্থিক অবস্থা স্বচ্ছল নয়) তাদেরকে ফাউন্ডেশন থেকে সাহায্য প্রদান করা হয়। এই ফাউন্ডেশন থেকে সৈয়দ মাহমুদুল হক প্রতিমাসে প্রায় লক্ষাধিক টাকা সাধারণ মানুষকে সহযোগিতা প্রদান করেন। এই ফাউন্ডেশন হতে প্রতি ঈদে প্রায় ২ (দুই) হাজার পরিবারকে ঈদ বস্ত্র বিতরণ, রমজানে ইফতার সামগ্রী বিতরণ এবং সনাতন ধর্মাবলম্বিদের পূজা পার্বণেও তিনি মহানগর পূজা উদযাপন পরিষদের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন। ঘর তৈরি করার জন্য ১০টি পরিবারকে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা ইউনিটকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ও ক্যান্সার ইউনিটকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা দেওয়া হয়েছে। এছাড়া করোনাকালীন এই সংগঠন থেকে সাধারণ মানুষের মাঝে প্রায় ২০,০০০ (বিশ হাজার) মাস্ক বিতরণ করা হয়েছে।
১৯৮৩ খ্রিস্টাব্দে সৈয়দ মাহমুদুল হক বিয়ে করেন। তিনি চার কন্যাসন্তানের পিতা। তারা হলেন, সৈয়দা আমেনা সিদ্দিকা, তিনি পেশায় একজন অধ্যাপিকা। সৈয়দা তাহমিনা সিদ্দিকা জেনি, তিনি পেশায় একজন গৃহিনী। সৈয়দা জারিন তাসনিম, তিনি সুইডেনে অধ্যয়নরত আছেন। কনিষ্ঠ কন্যা সৈয়দা নুসরাত তাবাসসুম দেশেই পড়াশোনা করছেন।
বড় ভাই সৈয়দ আবদুস সাত্তার পেশায় একজন ব্যবসায়ী। মেজ ভাই সৈয়দ আবদুল হক ১৯৭৬ খ্রিস্টাব্দে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ছোট ভাই সৈয়দ আবদুল করিমও চট্টগ্রামের টাইগারপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
সৈয়দ মাহমুদুল হকের একমাত্র বোন সৈয়দা নুরনাহার বেগম, তাঁর স্বামী আবদুল মজিদ একজন ইঞ্জিনিয়ার।