আগাছা কেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া।
মঙ্গলবার সকালে উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়ার ঐতিহ্যবাহী লকমা জমিদার বাড়ি চত্বরে নিজ হাতে আগাছা কেটে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
উপজেলা প্রশাসন, পৌরসভা, স্থানীয় ইউপি ও বিডি ক্লিনের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। জমিদার বাড়ির আশপাশের ঝোপ-জঙ্গল, আগাছা, দুর্গন্ধযুক্ত পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি জেলা প্রশাসক মহোদয় ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ দেন উপস্থিত স্থানীয়দের।
তিনি বলেন, বাসা-বাড়ির আশপাশ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধযুক্ত পানিতে ডেঙ্গু মশা বাসা বাঁধে। এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিডি ক্লিনের সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।