আগরতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জন নিহত
নিজের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি সংগঠিত হয়েছে সোমবার (২০ এপ্রিল ) সন্ধ্যায় ত্রিপুরার আগরতলার প্রতাপগড়ের বাঘটিলা এলাকায়। মৃতব্যক্তির নাম অমৃত চক্রবর্তী। বাথরুমে কাজ করার জন্য বিদ্যুৎ পরিবাহী তার নিয়ে যাচ্ছিলেন একব্যক্তি। তখন অসাবধানতাবশত সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার।
জানা গেছে, নিজের বাড়িতেই বাথরুমে আলো জ্বালানোর ব্যবস্থা করছিলেন অমৃত চক্রবর্তী। সেই সময় সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তার বাঁ হাতটি ঝলসে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে বাড়ির সবাই উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অমৃতকে মৃত বলে ঘোষণা করেন। পরে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠানো হয়। মঙ্গলবার (২১ এপ্রিল ) ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিজনদের হাতে তুলে দেয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।