
আকাশে বিরল অলৌকিক দৃশ্য: চাঁদ-তারার অদ্ভুত অবস্থান দেখে স্তব্ধ হাজারো মানুষ
সন্ধ্যা নামতেই এক অপার্থিব ও চোখ জুড়ানো দৃশ্যের সাক্ষী হলো দেশবাসী। ঠিক মাগরিবের আজান শেষ হওয়ার পরপরই পশ্চিম আকাশে ভেসে ওঠে এক অলৌকিক দৃশ্য—একফালি চাঁদের একদম মাথার ওপর উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করতে থাকে একটি তারা। যেন কোনো বিদ্যুৎ বা আলোর বাল্ব এক রহস্যময় তীব্রতায় জ্বলে উঠেছে চাঁদের ঠিক উপরিভাগে।
আজানের পর পরই আকাশের এমন বিস্ময়কর সৌন্দর্য দেখে থমকে দাঁড়ায় হাজারো ধর্মপ্রাণ মানুষ। নামাজের ওয়াক্ত হওয়ায় অনেকেই মসজিদে ছোটেন, আবার কেউবা হাত তুলে মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া করেন। এমনকি নামাজ শেষ করে মসজিদ থেকে বেরিয়ে এসেও মানুষ দেখেন—সেই অপরূপ দৃশ্য আকাশে একইভাবে বিরাজ করছে।
সময়ের সাথে সাথে মহাজাগতিক এই খেলায় দৃশ্যপট আরও বিস্ময়কর হয়ে ওঠে। চাঁদটির ঠিক মাথার ওপর অবস্থান নেওয়া সেই উজ্জ্বল তারাটি ধীরে ধীরে সরতে শুরু করে। এটি চাঁদের ওপর থেকে নেমে এসে পিঠের পাশ ঘেঁষে যেন পেটের সমান্তরালে চলে যায়। বেশ কিছুক্ষণ পর আকাশে আলো ছড়িয়ে ধীরে ধীরে অবলুপ্ত হয় সেই তারা ও চাঁদ।
আকাশের এই বিরল দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও জনমনে তুমুল কৌতুহল ও আলোড়নের সৃষ্টি করেছে। স্থানীয়দের অনেকেই এ দৃশ্যকে মহান আল্লাহর রহমত ও কুদরত হিসেবে দেখছেন। সাধারণ মানুষের মুখে ভেসে উঠেছে প্রশংসা ও জিকির। কেউ বলছেন এটি শুভ কিছুর বার্তা, আবার কেউ বা এটিকে কুদরতের অনন্য এক দর্শন মনে করে হাত তুলে পড়েছেন, “সুবহানাল্লাহ!”
প্রকৃতির এই রূপ নিয়ে নানান মন্তব্য গুঞ্জন তুললেও একটি বিষয়ে সবাই একমত—সন্ধ্যা নামার এই মহাজাগতিক রূপটি ছিল চোখের জন্য অত্যন্ত মুগ্ধকর এবং মনের জন্য পরম প্রশান্তির। পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি দেখে আপামর জনতা তাঁর দরবারে গভীর শুকরিয়া আদায় করেছে।
![]()









