আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যে তোলপাড়, মুগদায় রাজপথে এনসিপি—‘পুলিশে নতুন বেনজীর এসেছেন’: নাসীরুদ্দীন পাটওয়ারী
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে রাজধানীর মুগদায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করতে সাধারণ মানুষের কাছে দলের বক্তব্য তুলে ধরেন নেতাকর্মীরা। কর্মসূচিতে আইজিপির বক্তব্যের তীব্র সমালোচনা করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আইজিপির বক্তব্যের প্রতিক্রিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “পুলিশে নতুন বেনজীর এসেছেন।” তাঁর অভিযোগ, সরকার অনুমতি দিলে ক্রসফায়ার চালানোর বক্তব্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। এ ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আশঙ্কা তৈরি হলে পুলিশের ওপর আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসতে পারে।
এর আগে সোমবার রাজধানীর এক অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেছিলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে। ক্রসফায়ার প্রয়োজন হলে এবং সরকার অনুমতি দিলে পুলিশ তা করবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, জনগণের দুর্ভোগের চিত্র তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংসদে জনগণের সমস্যা তুলে ধরেও সমাধান না পাওয়ায় আবারও রাজপথে নামতে হয়েছে। মাসে মাসে বিল দিয়েও মানুষ গ্যাস পাচ্ছেন না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
চাঁদাবাজির অভিযোগ তুলে এনসিপির এই নেতা বলেন, অটোরিকশা ও দোকান থেকে চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আগে ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠত, এখন ছাত্রদলের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠছে বলে দাবি করেন তিনি। এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, চাঁদাবাজি বন্ধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান জানায় এনসিপি।
রাজধানীর মুগদায় এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে জনগণের বিভিন্ন সমস্যা সামনে এনে রাজপথে প্রতিবাদ জোরদারের বার্তা দিয়েছে দলটি।