অভয়নগরে বিনামূল্যে সার ও বীজ পেলেন ৩১৩০ কৃষক
যশোরের অভয়নগরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩১৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে শর্ষে ও মসুরের বীজসহ সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আট ইউনিয়ন ও নওয়াপাড়া পৌরসভার কৃষকের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, কৃষি প্রকৌশলী পৃথিলা রায়সহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন
উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার আটটি ইউনিয়ন ও নওয়াপাড়া পৌর এলাকার তিন হাজার ১৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনা মূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। এর মধ্যে তিন হাজার ১০০ জনকে জনপ্রতি এক কেজি শর্ষে বীজসহ দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার দেওয়া হয়। এ ছাড়া ৩০ জনকে জনপ্রতি পাঁচ কেজি মসুরের বীজসহ দশ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।