সিন্ডিকেটের কারসাজিতে চট্টগ্রামে ক্রমেই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ডাব। কোথাও কোথাও আগের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ডাব। চেষ্টা করা হচ্ছে কৃত্রিম সংকট সৃষ্টিরও। ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার পর থেকেই চট্টগ্রামে ডাবের বাজারে চলছে অস্থিরতা। চিকিৎসকরা ডেঙ্গু জ্বরের রোগীদের ডাবের পানিসহ তরল খাদ্য বেশি খাওয়ার পরামর্শ দিচ্ছেন। এ কারণে বাড়ছে ডাবের চাহিদা। আর এ সুযোগ কাজে লাগিয়ে মূল্য বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। এরই পরিপ্রেক্ষিতে বাজার নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার প্রথম দিনের অভিযানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে দুই ডাব বিক্রেতাকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। তারা ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি ও অবৈধভাবে ডাব মজুদ করেছিল। অভিযানের খবর পেয়ে এ সময় ডাব ফেলে পালিয়ে যান কয়েকজন বিক্রেতা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চমেক হাসপাতালের সামনে এক বিক্রেতা পাঁচটি ডাব বিক্রি করছিলেন। এত কম ডাব বিক্রি করায় সন্দেহ হলে বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি ডাব মজুদের কথা স্বীকার করেন। পরে একটি ফার্মেসির পেছনে কয়েকশ ডাব মজুদ করে রাখার তথ্য দেন তিনি। এছাড়া ওই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া যায়। ডাব মজুদ করে রাখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ওই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আরেক বিক্রেতা ৬০ টাকায় ডাব কিনে ৯০ টাকা বিক্রি করছিল। এ অপরাধে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
চমেকের আশপাশে ডাবের আরও বেশ কয়েকটি ভ্রাম্যমাণ দোকান ছিল। ভোক্তা অধিদপ্তরের অভিযানের খবর পেয়ে ডাব রেখে পালিয়ে যান বিক্রেতারা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় কয়েকগুণ চাহিদা বেড়েছে ডাবের। আর অসাধু ব্যবসায়ীরা এ সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। প্রথম দিন ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।